রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপক্ষে এই শুনানিতে নিজেই অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (১১ জুন) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার যাতে বিলম্বিত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব মামলার বিচার মূলতবি ছাড়া বিরতিহীনভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, হাইকোর্টে রামিসা হত্যা মামলা পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।
এর আগে বুধবার নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই বেঞ্চ আগামী রোববার থেকে বিচার কার্যক্রম শুরু করবে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডাদেশের কনফারমেশন রেফারেন্স এবং একই রায়ের সূত্রে উদ্ভূত সব ফৌজদারি আপিল ও জেল আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করবে এই বিশেষ বেঞ্চ।


