Homeসারাদেশশেরপুরের বারদুয়ারী হাটে অবৈধ ৬ দোকান উচ্ছেদ, সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে আইনি...

শেরপুরের বারদুয়ারী হাটে অবৈধ ৬ দোকান উচ্ছেদ, সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

বগুড়ার শেরপুর পৌরসভার বারদুয়ারী হাটে সরকারি জমি দখল করে নির্মাণাধীন ছয়টি পাকা দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার বিকেলে পরিচালিত অভিযানে এক্সক্যাভেটরের মাধ্যমে দোকানগুলো ভেঙে ফেলা হয়। প্রশাসনের দাবি, কোনো ধরনের অনুমতি ছাড়াই সরকারি জায়গায় এসব স্থাপনা নির্মাণ করা হচ্ছিল।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি হাটের একটি ফাঁকা স্থানে ইটের দেয়াল তুলে ছয়টি দোকান নির্মাণের কাজ শুরু হয়। অভিযানের খবর পেয়ে নির্মাণকাজে যুক্ত শ্রমিকরা এলাকা ছেড়ে চলে যান।

হাটের কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, সাধারণ ব্যবসায়ীরা ছোট দোকান নির্মাণ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলদারির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রশাসনের তথ্যমতে, একই এলাকায় কয়েক মাস আগে আরও একটি পাকা ঘর নির্মাণ করা হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা লিজ নেওয়ার দাবি করলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

অভিযান শেষে ইউএনও মো. সাইদুজ্জামান হিমু জানান, সরকারি জমিতে অনুমতি ছাড়া গড়ে ওঠা সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দখলদারদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উল্লেখ্য, বারদুয়ারী হাটে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রশাসন উচ্ছেদ অভিযানে নামে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ