Homeসারাদেশরাজধানীতে ফিরেছে রোদ, দুপুরে হতে পারে হালকা বৃষ্টি

রাজধানীতে ফিরেছে রোদ, দুপুরে হতে পারে হালকা বৃষ্টি

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানী ঢাকায় ফিরেছে রোদের দেখা। মঙ্গলবার সকাল থেকেই আকাশে রোদের ঝলক দেখা গেলেও কোথাও কোথাও মেঘও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে দুপুরের দিকে রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

গত ৫ জুলাই থেকে শুরু হওয়া টানা বর্ষণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গত রোববার ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ। সোমবারও দিনের বেশির ভাগ সময় বৃষ্টি হলেও মঙ্গলবার সকালে পরিস্থিতির উন্নতি দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা সকাল ৮টায় বেড়ে ২৯ ডিগ্রিতে পৌঁছায়। রোদের কারণে দিনের বেলায় তাপমাত্রা আরও বাড়তে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রাজধানীতে যদি বৃষ্টি হয়, তাহলে তা দুপুরের দিকে হতে পারে এবং সেটি ভারী হওয়ার সম্ভাবনা কম। তবে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি স্বাভাবিকের তুলনায় বেশি হচ্ছে। এই কারণে অনেকের কাছে আবহাওয়া ভ্যাপসা মনে হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে আরও অন্তত দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সেগুলোর প্রভাবে গত সপ্তাহের মতো টানা ভারী বর্ষণের সম্ভাবনা তুলনামূলক কম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ