নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় নেপালকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নেপালের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। পর্যটকসহ আরও অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই পরিস্থিতিতে নেপালের জনগণের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত উদ্ধার, প্রয়োজনীয় চিকিৎসা এবং পুনরুদ্ধার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য বাংলাদেশ সমবেদনা ও শুভকামনা জানিয়েছে।
বন্ধুত্বপূর্ণ নেপালের পাশে বাংলাদেশ
বাংলাদেশ জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।
দুর্যোগ পরিস্থিতিতে নেপালের প্রয়োজন অনুযায়ী ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের পক্ষ থেকে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত উদ্ধার ও নিরাপদে পুনর্বাসনের প্রত্যাশা করা হয়েছে। পাশাপাশি ভয়াবহ এই দুর্যোগে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

