পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভবানীপুর আসনে শুরু থেকেই চলছে টানটান উত্তেজনা। মুখোমুখি লড়াইয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।
ভোট গণনার শুরুর দিকে কিছুটা পিছিয়ে থাকলেও পরবর্তী রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন মমতা। তৃতীয় রাউন্ড শেষে তার প্রাপ্ত ভোট দাঁড়িয়েছে ৯,৩৫৯, যেখানে শুভেন্দু অধিকারী পেয়েছেন ৮,৪৬১ ভোট। ফলে ৮০০-র বেশি ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই আসন ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে, কারণ ভবানীপুর বরাবরই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রতীকী কেন্দ্র হিসেবে বিবেচিত।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ২৩ ও ২৯ এপ্রিল, দুই দফায়। মোট ২৯৪টি আসনের মধ্যে একটি আসনে ভোট বাতিল হওয়ায় বর্তমানে ২৯৩ আসনের গণনা চলছে। সোমবার সকাল ৮টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) থেকে কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা শুরু হয়।
প্রথমে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে, এরপর ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা করা হবে।
প্রাথমিক ফলাফলের প্রবণতা অনুযায়ী, রাজ্যজুড়ে এগিয়ে রয়েছে বিজেপি—১৬৮ আসনে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১১৪ আসনে।
চূড়ান্ত ফলাফলের জন্য এখনো অপেক্ষা করছে পুরো রাজনৈতিক অঙ্গন।


