পিরোজপুরের সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

0
8
যান চলাচল স্বাভাবিক রাখতে অবহেলিত সড়ক দ্রুত মেরামতের তাগিদ, এলজিইডি প্রকল্পে অনিয়মের অভিযোগও উঠে এলো বৈঠকে

তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার বদ্ধপরিকর।

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল অবস্থায় থাকা সড়কগুলো দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনতে হবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে।

বৈঠকে পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পগুলোর বর্তমান বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন। আলোচনায় উঠে আসে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কয়েকটি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। কিছু প্রকল্পে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুম সাঈদী, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here