ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ রোববার (১৭ মে)। ২৭ মে’র যাত্রার জন্য বাংলাদেশ রেলওয়ের টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।
বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৮ মে সম্ভাব্য ঈদের তারিখ ধরে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে রেলওয়ে। সে অনুযায়ী ২৭ মে ঈদযাত্রার শেষ দিন হিসেবে ধরা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিটও পর্যায়ক্রমে বিক্রি করা হবে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মে’র টিকিট ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে এবং ২৬ মে’র টিকিট ১৬ মে বিক্রি করা হয়েছে।
যাত্রীসেবার সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করা যাবে। এছাড়া অগ্রিম কেনা ঈদযাত্রার টিকিট ফেরত দেওয়া যাবে না।
অন্যদিকে যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।


