সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন কয়েক হাজার মুসল্লি। জেলার অর্ধশতাধিক স্থানে বুধবার (২৭ মে) সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই দিনাজপুর শহরসহ বিভিন্ন উপজেলা ও গ্রামে মুসল্লিদের উপস্থিতিতে ঈদের জামাতগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করেন হলি কুরআন স্কুল অ্যান্ড মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক।
আয়োজকদের দাবি, এবার জেলার প্রায় ৫০টি স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পেরে তারা আনন্দিত।
বগুড়া থেকে আগত মহিউদ্দিন ইসলাম বলেন, “সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করতে পেরে ভালো লাগছে। পরিবারের সদস্যদের নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করেছি।”
ভোলা থেকে আসা নুরনবী বলেন, “অনেক বছর ধরেই আমরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করছি। এবারও সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদের নামাজ আদায় করেছি।”
মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, “ঈদ মুসলমানদের জন্য ত্যাগ, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ধর্মীয় বিধান অনুসরণ করে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছি। দেশ ও জাতির কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
দিনাজপুর শহরের নিউটাউন, ফুলতলা, ইসলামবাগসহ জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামে এসব জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। সব মিলিয়ে জেলার প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন বলে জানা গেছে।


