বৃষ্টিতে কমেছে দূষণ, সহনীয় পর্যায়ে ঢাকার বাতাস

0
7
বৃষ্টিতে কমেছে দূষণ, সহনীয় পর্যায়ে ঢাকার বাতাস

টানা বৃষ্টিপাতের কারণে রাজধানী ঢাকার বায়ুর মানে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। ধূলিকণা ধুয়ে যাওয়ায় বর্তমানে মেগাসিটি ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা।

বুধবার (২৯ মে) সকাল ৯টায় আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ছিল ৭৩। এ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত ১২৭টি শহরের তালিকায় রাজধানীর অবস্থান ১৮তম। বর্তমান পরিস্থিতিতে ঢাকার বায়ুর মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।

এদিন দূষণের তালিকায় ভারতের দিল্লি ২১৯ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৭২ এবং তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ১৩৯। একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা এবং ভারতের কলকাতার স্কোর ১১৮, যা শহরটিকে পঞ্চম অবস্থানে রেখেছে।

বিশেষজ্ঞরা বলছেন, টানা বৃষ্টির কারণে বাতাসের ধুলাবালি ও ক্ষতিকর কণাগুলো ধুয়ে যাওয়ায় বায়ুর মানে এই উন্নতি এসেছে। পাশাপাশি ঈদের ছুটিতে রাজধানীর সড়কগুলো তুলনামূলক ফাঁকা থাকায় যানবাহনের চাপ কমেছে। একই সঙ্গে অনেক নির্মাণকাজ বন্ধ বা সীমিত থাকায় বায়ুদূষণের মাত্রাও কমে এসেছে।

একিউআই মানদণ্ড অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বায়ুর গুণগত মানকে ‘মাঝারি’ হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে দীর্ঘমেয়াদে বায়ুর মান উন্নত রাখতে নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাড়ানোর বিকল্প নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here