কোরবানি নয়, চিড়িয়াখানায় ঠাঁই পেল ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

0
10
কোরবানি নয়, চিড়িয়াখানায় ঠাঁই পেল ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আর কোরবানি দেওয়া হয়নি। বিরল বৈশিষ্ট্যের কারণে মহিষটিকে সংরক্ষণের উদ্যোগ নেয় সরকার। পরে সেটিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাধারণ মহিষের তুলনায় ব্যতিক্রমী রঙের জন্য প্রাণীটি শুরু থেকেই সবার নজর কাড়ে। এর শরীরে সাদা ও হালকা বাদামি রঙের মিশ্রণ দেখা যায়। সবচেয়ে বেশি আলোচনায় আসে মাথার সামনের ঢেউখেলানো গোলাপি আভাযুক্ত চুল, যা অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে মিল মনে হয়েছে। এ কারণেই মহিষটির নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

অস্বাভাবিক চেহারা ও ভিন্নধর্মী নামের কারণে খুব দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠে মহিষটি। দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

পরে কোরবানির জন্য বিক্রি করা হলেও সেটি ফিরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে এ ধরনের অ্যালবিনো বৈশিষ্ট্যের মহিষ অত্যন্ত বিরল হওয়ায় প্রাণীটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মালিকের কাছ থেকে উপযুক্ত মূল্যে মহিষটি সংগ্রহ করা হয়।

বর্তমানে মিরপুর জাতীয় চিড়িয়াখানার একটি নির্ধারিত শেডে মহিষটিকে রাখা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের জন্য ইতোমধ্যে মহিষটিকে উন্মুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here