কোনো বিষয়ের অনার্স কোর্স বন্ধের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

0
9
কোনো বিষয়ের অনার্স কোর্স বন্ধের পরিকল্পনা নেই শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

বাংলা, দর্শন ও ইতিহাসসহ কোনো বিষয়ের অনার্স কোর্স বন্ধের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ ধরনের খবরকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “এমন কোনো আলোচনা হয়নি। আমার জ্ঞাতসারে নেই। আমি জানি না এই সংবাদ কোথা থেকে এসেছে। বাংলা আমাদের মাতৃভাষা, এটি কি বাদ দেওয়া যেতে পারে?”

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে এবং কর্মবাজারের চাহিদা বিবেচনায় নতুন নতুন কোর্স চালুর বিষয়ে নিয়মিত কাজ করা হচ্ছে। বিশেষ করে কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এর সঙ্গে প্রচলিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দেওয়ার কোনো সম্পর্ক নেই।

মন্ত্রী আরও বলেন, “যেসব বিষয়ের বাজারে চাহিদা রয়েছে, সেসব বিষয়ে নতুন কোর্স চালু করা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন কিংবা ইতিহাস বাদ দেওয়ার বিষয়ে কোথাও কোনো আলোচনা হয়নি এবং এমন কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।”

অনার্স কোর্সের সংখ্যা কমিয়ে আনা বা নির্দিষ্ট কোনো বিষয়ে অনার্স কার্যক্রম বন্ধের কোনো পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের নেই বলেও স্পষ্ট করেন তিনি।

এর আগে, একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় যে বাংলা, দর্শন, ইতিহাসসহ ছয়টি বিষয়ে অনার্স কোর্স বাতিল করা হচ্ছে। তবে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনার্সের কোনো কোর্স বন্ধের বিষয়ে সরকার বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here