
জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
এর আগে, ২০২৫ সালে ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণার মায়ের চিকিৎসার জন্যও সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।
বাংলাদেশ নারী ফুটবলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন ঋতুপর্ণা চাকমা। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অভিযানে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
পাহাড়ি জনপদের সাধারণ এক পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ঋতুপর্ণা চাকমা। তার এই পথচলা দেশের অসংখ্য তরুণী ফুটবলারের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

