ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। যানবাহন ও মানুষের চলাচল কমে যাওয়ায় শহরের বায়ুমানে কিছুটা স্বস্তি ফিরেছে। যদিও দিনের শুরুতে বায়ুর মান সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হয়েছে।
শুক্রবার (২৯ মে) বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ১০টায় বিশ্বের ১২৬টি শহরের মধ্যে দূষণের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৩তম। এ সময় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ৯৫, যা মাঝারি বা সহনীয় পর্যায়ের বায়ুমান নির্দেশ করে।
এর আগে সকাল ৭টায় ঢাকার অবস্থান ছিল সপ্তম। তখন বায়ুমান সূচক ছিল ১১০। সকাল ৯টায় এ সূচক ছিল ১০৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
সকাল ১০টার তালিকায় সবচেয়ে দূষিত শহর ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান সূচক ছিল ১৭৩। দ্বিতীয় অবস্থানে ছিল ভিয়েতনামের হ্যানয় (১২৭), তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১২৪) এবং চতুর্থ অবস্থানে ছিল চিলির সান্তিয়াগো (১১৯)।
বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোর থাকলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।


