চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

0
6
চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সৌজন্য

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার জাতীয় সংসদে চিফ হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন মিশনের উপপ্রধান মেগান বলডিন, রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

সাক্ষাৎকালে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতন্ত্রের উন্নয়ন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, জাতীয় সংসদের কার্যক্রম এবং সংসদ ভবনের স্থাপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় যুক্তরাষ্ট্র সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করেছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম বড় বাজার এবং তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান তৈরির লক্ষ্য বাস্তবায়নেও মার্কিন সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতি স্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

চিফ হুইপ বলেন, জাতীয় সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র এবং সংসদ ভবনের স্থপতি লুই আই কানকে জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

মেগান বলডিন বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দুই দেশের বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তিনি জানান, মার্কিন স্থাপত্য শিক্ষার্থীদের কাছেও ভবনটি বিশেষ আগ্রহের বিষয়, কারণ এটি লুই কানের অন্যতম সেরা স্থাপত্যকর্ম হিসেবে বিবেচিত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সবসময় স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেয়। প্রতিনিধি দল বাংলাদেশের শ্রম আইন সংস্কারের প্রশংসা করে এবং এটিকে ওয়াশিংটনে ইতিবাচকভাবে দেখা হচ্ছে বলেও উল্লেখ করে।

এ সময় দুর্নীতি দমন, পরিবেশ সংরক্ষণ, বন্যপ্রাণী পাচার রোধ এবং স্বাস্থ্যখাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংক্রামক রোগ মোকাবিলায় আগামী পাঁচ বছরে ৯০ মিলিয়ন ডলারের সহায়তার বিষয়ও তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গভীর ও টেকসই করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here