Homeজাতীয়তেল শোধনে ফিরছে ইস্টার্ণ রিফাইনারি, আজ থেকে শুরু পুরোদমে কার্যক্রম

তেল শোধনে ফিরছে ইস্টার্ণ রিফাইনারি, আজ থেকে শুরু পুরোদমে কার্যক্রম

সৌদি আরব থেকে অপরিশোধিত তেলের নতুন চালান দেশে পৌঁছানোয় দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারি পিএলসি আবারও পুরোদমে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) বিকাল থেকে শোধন কার্যক্রম পুনরায় চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ইস্টার্ণ রিফাইনারি পিএলসির উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান বলেন, দেশে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) একটি চালান এসে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে বিকাল ৫টার পর থেকে শোধন কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন থাকায় উৎপাদন কিছুটা সীমিত রাখা হবে। পরে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।

মামুনুর রশীদ খান আরও বলেন, সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। জাহাজটিতে প্রায় ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।

ইস্টার্ণ রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, পরিকল্পনা অনুযায়ী শোধনাগারকে সর্বোচ্চ সক্ষমতায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

রিফাইনারি সূত্রে জানা গেছে, বর্তমানে মজুত থাকা তেল দিয়ে আনুমানিক ২০ থেকে ২৫ দিন শোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। এছাড়া চলতি মাসের ২০ তারিখের পর আরও একটি অপরিশোধিত তেলের চালান দেশে পৌঁছাতে পারে। সৌদি আরব থেকে ১০ থেকে ১২ মে’র মধ্যে নতুন চালান লোডিং হলে সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ