ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১০টার দিকে তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় মঞ্চের সামনের অংশে হঠাৎ বিস্ফোরণের শব্দ হলে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে একজনের পায়ে গুরুতর আঘাত রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ঘটনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেন। তিনি দাবি করেন, সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করা হয়নি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বিস্ফোরণের পর এনসিপির নেতা-কর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন। পরে দলের শীর্ষ নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেন।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে। মামলা দায়েরের পর তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ঘটনার সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সমাবেশ শেষে এনসিপির নেতাদের নিরাপত্তার সঙ্গে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় এবং পুরো ঘটনার তদন্ত চলমান রয়েছে।

