পারমাণবিক সুরক্ষা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা

0
10
পারমাণবিক সুরক্ষা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ প্রতিরক্ষা উপদেষ্টা

পারমাণবিক সুরক্ষাকে কেবল প্রযুক্তিগত বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক অঙ্গীকার এবং রাষ্ট্রীয় দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

বুধবার (১৩ মে) রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত Military Institute of Science and Technology (এমআইএসটি)-এ আয়োজিত পারমাণবিক সুরক্ষা বিষয়ক বিশেষ বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, পারমাণবিক স্থাপনা ও প্রযুক্তির নিরাপত্তা এখন আর শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয় নয়; এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর কৌশলগত ভূমিকার বিষয়েও আলোকপাত করেন।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় দেশের সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। একইসঙ্গে পারমাণবিক সুরক্ষায় দক্ষ জনবল তৈরি ও সমন্বিত নীতিমালার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ড. শামছুল ইসলাম জানান, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান প্রতিরক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানান। পরে তিনি শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবটিক্স ও ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রকল্প পরিদর্শন করেন এবং তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক ফটোসেশনে অংশ নেন প্রতিরক্ষা উপদেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here