Homeজাতীয়চীনে ৮ দিনের প্রশিক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা

চীনে ৮ দিনের প্রশিক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে চায়না এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুনমিংয়ের উদ্দেশে যাত্রা করেন তারা।

চীন সরকার ও ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি ৮ জুন পর্যন্ত চলবে। প্রতিনিধি দলের সদস্য ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় ও এর বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে আছেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মহাপরিচালক জুলিয়া মঈন, পরিচালক (ইনোভেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন) মনিরুল ইসলাম পাটোয়ারী, উপসচিব জেসমিন আখতার, একান্ত সচিব মোহাম্মদ মামুন শিবলী ও মেহেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।

সফরের আগে সোমবার ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগিয়ে অংশগ্রহণকারী কর্মকর্তারা দেশের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ