Homeজাতীয়ভূমিসেবায় নতুন উদ্যোগ, আজ শুরু হচ্ছে তিন দিনের মেলা

ভূমিসেবায় নতুন উদ্যোগ, আজ শুরু হচ্ছে তিন দিনের মেলা

ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে দেশজুড়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও ভার্চুয়ালি যুক্ত হয়ে শুরু হবে এ আয়োজনের কার্যক্রম। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই মেলা।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।

সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, একসময় ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হতো। দালালচক্র, দীর্ঘসূত্রতা, মামলা-মোকদ্দমা ও দুর্নীতির কারণে বিশেষ করে গ্রামের মানুষ বেশি সমস্যায় পড়তেন। বর্তমান সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি জানান, ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অটোমেশন কার্যক্রম জোরদার করা হয়েছে। নাগরিকরা যেন ঘরে বসেই অধিকাংশ সেবা নিতে পারেন এবং অফিসে গিয়ে হয়রানির শিকার না হন, সে লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, এবারের মেলায় নাগরিকদের জন্য অনলাইন ও সরাসরি বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হবে। পাশাপাশি ভূমি সংক্রান্ত তথ্য, পরামর্শ ও ডিজিটাল সেবা গ্রহণের সুযোগও থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে সেবাকে আরও দ্রুত, নির্ভুল ও জনবান্ধব করার লক্ষ্য নিয়েই এ আয়োজন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ