বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি কেনার জন্য বিভিন্ন ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়া গ্রাহকদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে Bank Asia। ব্যাংকটি ঘোষণা দিয়েছে, অন্য ব্যাংকে চলমান ব্যক্তিগত, আবাসন ও গাড়ির ঋণ এখন তুলনামূলক কম সুদে নিজেদের অধীনে নিয়ে আসবে তারা।
ব্যাংক এশিয়ার নতুন এই সুবিধায় গ্রাহকেরা সর্বোচ্চ ৯ দশমিক ৯৯ শতাংশ সুদে ঋণ স্থানান্তর করতে পারবেন। বর্তমানে যাঁরা ১৪ থেকে ১৫ শতাংশ পর্যন্ত উচ্চ সুদে কিস্তি পরিশোধ করছেন, তাঁদের জন্য এটি বড় স্বস্তি হয়ে আসতে পারে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য ব্যাংকের ব্যক্তিগত ঋণ, ফ্ল্যাট কেনার ঋণ এবং গাড়ি ঋণ টেকওভার করবে তারা। এর ফলে গ্রাহকের মাসিক কিস্তির চাপ কমে আসবে। আগামী ১৫ আগস্টের মধ্যে আবেদন করলে এই সুবিধা পাওয়া যাবে।
ব্যাংক এশিয়া এখন ভোক্তা ঋণ খাতকে আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে। কারণ, এই ধরনের ঋণে খেলাপির হার তুলনামূলক কম এবং বেশিরভাগ ক্ষেত্রেই জামানত থাকে। ফলে ব্যাংকের জন্যও এটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, গ্রাহকদের সুদের চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের জন্যও স্বল্প সুদে আবাসন ঋণ চালুর পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং গ্রাহক প্রায় ৭২ লাখ। এই বিশাল গ্রাহকগোষ্ঠীর জন্য সহজ শর্তে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট কেনার ঋণ পৌঁছে দিতে কাজ করছে ব্যাংকটি।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে ব্যাংক এশিয়ার আমানত ও পরিচালন মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে খেলাপি ঋণের হারও কমিয়ে আনতে সক্ষম হয়েছে ব্যাংকটি।


