Homeসর্বশেষবিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় বিএসএফের পুশ-ইন কার্যক্রমে সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৫ জুন) রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে নওগাঁ-১৬ বিজিবির রোকনপুর বিওপির দায়িত্বাধীন ২২৫/৩ আর সীমান্ত পিলার এলাকায় কয়েকজন মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় বিজিবি টহল দলের দ্রুত হস্তক্ষেপে ওই প্রচেষ্টা প্রতিহত করা হয়।

এর আগে, গত ১৩ জুন একই সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টাও ব্যর্থ করে দেয় বিজিবি। পরে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিরা ১০ হাজার টাকার বিনিময়ে সীমান্ত এলাকা থেকে পুশ-ইন হওয়া ব্যক্তিদের বাংলাদেশে নিয়ে আসার কাজে জড়িত ছিলেন। অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি আরও জানায়, বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

এদিকে, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিএসএফের পুশ-ইন কার্যক্রমে সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে বিজিবি পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাবুল আক্তার, এমদাদুল হক, রয়েল, আজম, আলম, আসমাউল ও মেজবাউল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ