রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (মে পর্যন্ত) করসহ মোট আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির মোট ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সংসদে উপস্থাপিত তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরে বিটিভির আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে বিজ্ঞাপন খাত থেকে। এ খাত থেকে আয় হয়েছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।
তথ্যমন্ত্রী জানান, বিগত কয়েক অর্থবছর ধরেই বিটিভির আয় ও ব্যয়ের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে।
২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয়েছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা।
২০২১-২২ অর্থবছরে আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা এবং ব্যয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।
২০২২-২৩ অর্থবছরে আয় দাঁড়ায় ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, আর ব্যয় হয় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা।
২০২৩-২৪ অর্থবছরে বিটিভির আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, যেখানে ব্যয় হয়েছে ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।
এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।
সংসদে উপস্থাপিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিটিভির আয় ও ব্যয়ের বিশাল ব্যবধান আবারও আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা বাড়াতে কার্যকর উদ্যোগ ও আয় বৃদ্ধির নতুন কৌশল গ্রহণ প্রয়োজন।

