সিলেটের জেলা প্রশাসক (ডিসি) পদ থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বিদায়ের মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সংক্ষিপ্ত বার্তায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারওয়ার আলম লেখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”

এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
মো. সারওয়ার আলম ২০২৫ সালের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান এবং ২১ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সিলেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। বিশেষ করে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ ব্যাপকভাবে আলোচিত হয়।
এ ছাড়া হযরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েও তিনি আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
সারওয়ার আলমের বিদায়ের পর নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।

