Homeসারাদেশচীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ভোজে যোগ দিলেন তারেক রহমান

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ভোজে যোগ দিলেন তারেক রহমান

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মঙ্গলবার রাতে এই ভোজের আয়োজন করা হয়।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, গিনি, মন্টেনেগ্রো ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীরাও অংশ নেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন জানান, রাষ্ট্রীয় ভোজে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। এই আয়োজন ভবিষ্যৎ সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।

বুধবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিভিন্ন অধিবেশনে অংশ নেওয়ার পর বুলেট ট্রেনে বেইজিং যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ