হরমুজ প্রণালিতে যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও)। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সমঝোতার পর এই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
আইএমও মহাসচিব আর্সেনিও ডোমিনগুয়েজ এক বিবৃতিতে জানান, ইরান, ওমানসহ সংশ্লিষ্ট উপকূলীয় দেশ, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক শিপিং খাতের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হবে। তিনি বলেন, নাবিকদের নিরাপদ সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং নৌপথের পরিস্থিতি বিস্তারিতভাবে মূল্যায়ন করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সঙ্গে সংঘাত শুরু হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়। ফলে বহু বাণিজ্যিক জাহাজ ও হাজারো নাবিক ওই গুরুত্বপূর্ণ জলপথে আটকা পড়ে।
সম্প্রতি যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার অংশ হিসেবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। এর ফলে হরমুজ প্রণালিতে আবারও জাহাজ চলাচল বৃদ্ধি পেয়েছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত সোমবার একদিনেই অন্তত ৩৬টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা সংঘাত শুরুর পর উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাবিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছিল এবং এখন তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
এদিকে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন রাখতে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে গৃহীত নিরাপত্তা উদ্যোগে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক।

