চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, পদ্মার চরে চালু নৌ অ্যাম্বুলেন্স

0
29
পদ্মার চরে ফ্রি নৌ অ্যাম্বুলেন্স চালু করলেন এমপি বুলবুল
সংগৃহীত

পদ্মার চরাঞ্চলের মানুষের চিকিৎসা সংকট দূর করতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল নিজস্ব অর্থায়নে ফ্রি নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন।

বুধবার (৬ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীর তীরে এ সেবার উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই নৌ অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। এতে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, স্ট্রেচার, ফার্স্ট এইড বক্সসহ প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, চরাঞ্চলে রোগী পরিবহনের জন্য নির্ভরযোগ্য নৌযান না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হতো। অনেক সময় সময়মতো নৌকা পাওয়া যেত না, আবার অতিরিক্ত ভাড়াও গুনতে হতো। নতুন এই নৌ অ্যাম্বুলেন্স চালুর ফলে সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।

এছাড়া নদী পার হওয়ার পর জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে স্থলপথে অ্যাম্বুলেন্স সুবিধাও রাখা হয়েছে। পুরো কার্যক্রমটি সংসদ সদস্যের ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হবে বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় অবহেলিত। তাদের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দুর্গম চরাঞ্চলের মানুষ যাতে দ্রুত ও সহজে চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই এই নৌ অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। পাশাপাশি নারায়ণপুর এলাকায় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা প্রকাশনা সম্পাদক প্রফেসর শহিদুল্লাহ, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী ও সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমসহ স্থানীয় নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here