প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনগণ শান্তি ও নিরাপত্তার জন্য পুলিশের ওপর নির্ভরশীল, তাই দায়িত্ব পালনে পুলিশকে আরও মানবিক ও জনবান্ধব হতে হবে।
রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত চারদিনব্যাপী পুলিশ সপ্তাহের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “দেশে আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে— আসুন আমরা সেই নতুন শপথ নেই।” তিনি আরও বলেন, বর্তমান সরকার চায় পুলিশ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করুক।
পুলিশ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণের সঙ্গে মানবিক আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন করেন। পরে একটি খোলা জিপে চড়ে তিনি প্যারেডের সালাম গ্রহণ করেন।
এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। আজ শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ১৩ মে পর্যন্ত। পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।


