সম্পর্ক আরও গভীর করতে একমত বাংলাদেশ-রাশিয়া

0
9
সম্পর্ক আরও গভীর করতে একমত বাংলাদেশ-রাশিয়া

দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ ব্রিফিংয়ে জানানো হয়, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে দায়িত্ব পালনে রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাসও দেন তিনি।

বৈঠকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অবদানের কথা স্মরণ করে বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. খলিলুর রহমান। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

যৌথ সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here