বিদ্যুৎ সাশ্রয় শিখতে প্রশাসকের ফ্রান্স সফর আটকালেন প্রধানমন্ত্রী

0
7
বিদ্যুৎ সাশ্রয় শিখতে প্রশাসকের ফ্রান্স সফর আটকালেন প্রধানমন্ত্রী

সড়ক বাতিতে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী। তবে একই সফরে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট।

সোমবার (৮ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো একটি সারসংক্ষেপে দেওয়া নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে প্রকৌশলীদের অংশগ্রহণই বেশি কার্যকর। যেহেতু রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নন, তাই এ সফরে তার অংশগ্রহণের বিশেষ প্রয়োজন নেই। প্রয়োজন হলে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) সফরে যেতে পারবেন।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়ার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিগনেফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সে অবস্থিত ‘সিগনেফাই ফ্রান্স আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার’ পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ে বিদ্যুৎ সাশ্রয়ী নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইটের বিদেশ সফরের প্রস্তাব পাঠানো হয়েছিল।

এর আগে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাবও নাকচ করেছিলেন প্রধানমন্ত্রী। সে সময় তিনি মন্তব্য করেছিলেন, মশক দমন পদ্ধতি জানতে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই; দেশের বাস্তব পরিস্থিতি থেকেই কার্যকর সমাধান বের করা সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here