প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

0
16
প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রী
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিকেল তিনটায় শুরু হওয়া অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম সম্প্রতি অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার বিষয়ে জানতে চাইলে জবাবে তারেক রহমান বলেন, জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা এড়িয়ে দ্রুত, বাস্তবসম্মত এবং জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সরকারি সেবা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সেবাপ্রদান ব্যবস্থা হতে হবে সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।

এছাড়া আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সরকারি সেবাকে হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ রাখতে সংশ্লিষ্টদের কঠোর তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here