বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘দেলুপি’ এবার প্রশংসা কুড়িয়েছে ভারতের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কশ্যপের কাছ থেকে। সম্প্রতি সিনেমাটি দেখে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র রিভিউ প্ল্যাটফর্ম লেটারবক্সডে (Letterboxd)।
রোববার চলচ্চিত্রটির নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুরাগ কশ্যপের রিভিউর একটি স্ক্রিনশট শেয়ার করেন। পোস্টে তিনি জানান, নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে এমন একজন আন্তর্জাতিক নির্মাতার প্রশংসা পাওয়া তাঁর জন্য অত্যন্ত আবেগের।
রিভিউতে অনুরাগ কশ্যপ লিখেছেন, ‘দেলুপি’ এমন একটি গল্প, যেখানে ক্ষমতার রাজনীতি কতটা নিচুতলার মানুষের জীবনকে প্রভাবিত করে, তা অত্যন্ত বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। সরকার পরিবর্তনের পর বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া একটি গ্রামের মানুষের সংগ্রাম এতটাই মানবিকভাবে উপস্থাপন করা হয়েছে যে, মনে হয় এটি যেন আমাদেরই পাশের গ্রামের গল্প। ছবিটি আমার ভীষণ ভালো লেগেছে।
২০২৫ সালের নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘দেলুপি’ নির্মিত হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বন্যা, স্থানীয় রাজনীতি এবং সাধারণ মানুষের প্রতিদিনের সংগ্রামকে কেন্দ্র করে।
চলচ্চিত্রের গল্পে দেখা যায়, রাজনৈতিক অস্থিরতার পর ভয়াবহ বন্যায় একটি গ্রাম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সংকটের মধ্যেই যাত্রাশিল্পী পরিবারের তরুণ পার্থ এবং নূপুরের সম্পর্ক গল্পে মানবিক আবেগের নতুন মাত্রা যোগ করে।
দেশে প্রশংসা পাওয়ার পর ‘দেলুপি’ আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলে। ছবিটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়, যেখানে এটি আন্তর্জাতিক দর্শক ও সমালোচকদের নজর কাড়ে।
ভারতীয় নির্মাতা অনুরাগ কশ্যপের ইতিবাচক মূল্যায়ন বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য নতুন এক স্বীকৃতি হিসেবে দেখছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। তাঁদের মতে, আন্তর্জাতিক নির্মাতাদের এমন প্রশংসা ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রকে বৈশ্বিক দর্শকের কাছে আরও পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

