বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার বড় প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কম সুদে এই অর্থ বিভিন্ন খাতের উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে।
শনিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান এই তহবিলের ঘোষণা দেন। তাঁর মতে, সঠিক বাস্তবায়ন হলে এই উদ্যোগ অর্থনীতিকে চাঙা করতে বড় ভূমিকা রাখবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, মোট ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকা আসবে ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে। বাকি ১৯ হাজার কোটি টাকা থাকবে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে।
সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য। এই খাতে দেওয়া হবে ২০ হাজার কোটি টাকা, যেখানে প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের আশা, এই খাতে প্রায় ৯ লাখ মানুষের কর্মসংস্থান হবে।
কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা সিএমএসএমই খাতের জন্য রাখা হয়েছে ৫ হাজার কোটি টাকা। এছাড়া রপ্তানি বৈচিত্র্যকরণে ৩ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গে কৃষি হাব গড়ে তুলতে আরও ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় প্রি-শিপমেন্ট ও প্যাকিং ক্রেডিট খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকবে। পিকেএসএফের মাধ্যমে কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দেওয়া হবে আরও ৫ হাজার কোটি টাকা।
বিদেশে কর্মসংস্থান বাড়াতে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকা এবং বেকারদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে আরও ১ হাজার কোটি টাকা বিতরণ করা হবে।
এ ছাড়া পরিবেশবান্ধব খাত, স্টার্টআপ, সৃজনশীল অর্থনীতি, চামড়া ও জুতা শিল্প এবং হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানি খাতেও আলাদা বরাদ্দ রাখা হয়েছে।
গভর্নর মোস্তাকুর রহমান বলেন, উচ্চ সুদের কারণে অনেক উদ্যোক্তা ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না। নতুন এই প্রণোদনা তহবিল বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে সহায়তা করবে।


