দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে সার্চ কমিটির সদস্য মনোনয়নের জন্য প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী নতুন কমিশন গঠনের পরবর্তী ধাপগুলো দ্রুত সম্পন্ন করতে কাজ চলছে। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতেই দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ দেওয়া হবে।
গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার পদত্যাগ করার পর থেকে সংস্থাটি কমিশন ছাড়াই পরিচালিত হচ্ছে। ফলে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ কার্যক্রম সচল রাখতে নতুন নেতৃত্ব নিয়োগ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বর্তমান আইন অনুযায়ী দুদকের কমিশন একজন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়ে গঠিত হবে। কমিশনের সদস্য সংখ্যা পাঁচে উন্নীত করার একটি প্রস্তাব থাকলেও তা এখনো আইনে পরিণত হয়নি।
মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৪ মে এ বিষয়ে সুপ্রিম কোর্টে চিঠি পাঠায়। তবে ঈদুল আজহার ছুটির কারণে বিচারপতিদের নাম মনোনয়নের প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী এক-দুই দিনের মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে দুই বিচারপতির নাম পাঠানো হবে।
নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দুর্নীতি তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমে গতি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দুদকের প্রশাসনিক কার্যক্রমে পূর্ণতা ফিরে আসবে এবং দুর্নীতি দমন কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।


