লোকসানের বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়াচ্ছে দেশের চা–শিল্প

0
39

টানা কয়েক বছর লোকসানে থাকার পর আবারও চাঙা হয়ে উঠছে দেশের চা–শিল্প। ন্যূনতম নিলামমূল্য নির্ধারণ, বাজারে দামের উন্নতি এবং উৎপাদনের ইতিবাচক ধারার কারণে চা–বাগান মালিকদের মধ্যে ফিরেছে স্বস্তি।

চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ মৌসুমে নিলামে প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ১৭১ টাকা ২৪ পয়সা। পরে ন্যূনতম মূল্য কার্যকর হওয়ার পর ২০২৪–২৫ মৌসুমে তা বেড়ে দাঁড়ায় ২০২ টাকা ৪৬ পয়সায়। সর্বশেষ ২০২৫–২৬ মৌসুমে গড় দাম উঠে যায় ২৪৫ টাকা ৫০ পয়সায়।

নতুন মৌসুমেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে অনুষ্ঠিত কয়েকটি নিলামে প্রতি কেজি চায়ের গড় দাম প্রায় ২৭৫ টাকা পাওয়া গেছে। এতে বাগানমালিকরা আশা করছেন, দীর্ঘদিনের লোকসানের গল্প এবার শেষ হতে পারে।

চা ব্যবসায়ীদের মতে, অতীতে লোকসানের প্রধান কারণ ছিল উৎপাদন বেশি হওয়া, নিম্নমানের চা এবং অবৈধভাবে ভারতীয় চা বাজারজাত হওয়া। তবে এখন ন্যূনতম মূল্য নির্ধারণের ফলে বাজারে স্থিতিশীলতা ফিরেছে।

বাংলাদেশ চা সংসদের সভাপতি কামরান টি রহমান বলেন, নিলামে ভালো দাম পাওয়া ইতিবাচক হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অন্যদিকে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসান জানান, পর্যাপ্ত বৃষ্টির কারণে এবার চায়ের উৎপাদন ও মান দুটোই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দেশে বছরে প্রায় ৯ থেকে ১০ কোটি কেজি চা উৎপাদিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক নীতিসহায়তা ও অবৈধ চা বাজারজাত বন্ধ করা গেলে দেশের চা–শিল্প আরও টেকসই অবস্থানে পৌঁছাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here