সচিবালয়ে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া তার কেনাবেচার সঙ্গে জড়িত এক দোকানদারকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
ডিএমপি কমিশনার জানান, গ্রেপ্তার হওয়া দুজন হলেন রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)। তাদের মধ্যে রঞ্জন সচিবালয়ে আউটসোর্সিং কর্মী হিসেবে কাজ করতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা নিয়মিতভাবে সচিবালয় থেকে কাগজপত্র ও বিভিন্ন ধরনের তার চুরি করে বাইরে বিক্রি করতেন।
তিনি আরও বলেন, চুরি হওয়া তার যে দোকানে বিক্রি করা হয়েছিল, সেই দোকানের মালিককেও এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
ব্রিফিংয়ে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি জানান, গত এক মাসে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ৩৮ হাজার ২৮৪টি মামলায় মোট ৮ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় তিনি বলেন, এআই ক্যামেরার মাধ্যমে হওয়া ট্রাফিক মামলার নোটিশ ডাকযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হবে। এ বিষয়ে কোনো ভুয়া এসএমএস বা প্রতারণামূলক বার্তায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া গত এক মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২ হাজার ৮৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬৫৮ জন চাঁদাবাজির অভিযোগে আটক হয়েছেন বলে জানান ডিএমপি কমিশনার।


