বন্ধ কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার

0
5
বন্ধ কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার

দেশের বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে শিগগিরই একটি ‘রোড শো’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই এ কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ শীর্ষক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও লোকসানী কারখানাগুলোর বর্তমান অবস্থা, বিদ্যমান সংকট, সম্ভাবনা এবং পুনরুজ্জীবনের উপায় নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন, যাতে বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা যায় এবং দীর্ঘদিন ধরে লোকসানে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হয়।

তিনি এসব কারখানায় দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

বৈঠকে জানানো হয়, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু ও লোকসানী প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণের প্রক্রিয়া চলছে।

সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here