ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা সফর সফল করতে কাজ করছেন।
প্রকাশিত সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে তিনি সড়কপথে শ্রীমঙ্গলে যাবেন।
দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচির প্রথম ধাপে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।
পরবর্তীতে তিনি মৌলভীবাজার সদরে যাবেন এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শেষে বিকেলে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভা শেষে তিনি সিলেট হয়ে রাতেই ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর। এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরাও সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।

