খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তী ও সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। সফরে তিনি উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং দলীয় সাংগঠনিক সভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ত্রিশালের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি শেষে বিকাল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ত্রিশালের নজরুল মঞ্চে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনও করবেন তিনি।
পরে বিকাল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।


