ঢাকায় আরও ৪২ মিমি বৃষ্টিপাত

0
3
ঢাকায় আরও ৪২ মিমি বৃষ্টিপাত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় প্রায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৭ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দুপুর পর্যন্ত রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানান, এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টিপাত হলেও দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। ফলে বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

বৃষ্টিপাতের এই পরিস্থিতির কারণে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে নদীবন্দর ও উপকূলীয় এলাকায় চলাচলরত নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here