প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। পাশাপাশি দেশের দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিরোধী দলকেও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আসে। তিনি এটিকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করেন এবং জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও জ্বালানি খাতে উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি জানান, সরকার অর্থনীতি পুনরুদ্ধারে তিন ধাপের কৌশল গ্রহণ করেছে। প্রথম ধাপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখা হবে। দ্বিতীয় ধাপে রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দেওয়া হবে। তৃতীয় ধাপে উদ্ভাবননির্ভর, প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে তরুণরা শুধু চাকরির অপেক্ষায় থাকবে না; বরং দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এজন্য দেশীয় শিল্প, সৃজনশীল অর্থনীতি, প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও সরকার সক্রিয় রয়েছে বলে জানান তিনি। এ পর্যন্ত বিভিন্ন দেশের সঙ্গে আইনি সহযোগিতা ও সম্পদ পুনরুদ্ধার সংক্রান্ত একাধিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন।
জ্বালানি খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতের দুর্নীতি ও ভুল নীতির কারণে এই খাত বড় সংকটে পড়েছিল। বর্তমান সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানির বহুমুখীকরণের মাধ্যমে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
প্রধানমন্ত্রী বিরোধী দলকে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে গঠনমূলক সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও সংস্কারের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

