রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ আগামী ২৮ জুন নির্ধারণ করেছেন আদালত।
বুধবার (৬ মে) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, মামলাটির শুনানি আজ হওয়ার কথা থাকলেও বিচারক অন্যান্য মামলার শুনানিতে ব্যস্ত থাকায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। গেজেট প্রকাশের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন। একইসঙ্গে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তর করা হয়।
গত ১৮ ফেব্রুয়ারি একই আদালত দুদকের দাখিল করা অভিযোগপত্র আমলে নেন। আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেন পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই নিজেদের দখলে নেন এবং পরে সেটি রেজিস্ট্রি করেন।
দুদক গত বছরের ১৫ এপ্রিল এ ঘটনায় মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে ১১ ডিসেম্বর টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দাখিল করা হয়।


