Home খেলা কেন এমএলএস অল-স্টার গেমে খেলছেন না লিওনেল মেসি? জানাল লিগ কর্তৃপক্ষ

কেন এমএলএস অল-স্টার গেমে খেলছেন না লিওনেল মেসি? জানাল লিগ কর্তৃপক্ষ

0
কেন এমএলএস অল-স্টার গেমে খেলছেন না লিওনেল মেসি? জানাল লিগ কর্তৃপক্ষ
বিশ্বকাপের পর নির্ধারিত বিশ্রামের অংশ হিসেবে ২০২৬ সালের এমএলএস অল-স্টার গেমে অংশ নিচ্ছেন না লিওনেল মেসি।

মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ মৌসুমের অল-স্টার গেমে এবারও দেখা যাবে না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এমএলএস অল-স্টার ও লিগা এমএক্স অল-স্টারদের মধ্যকার ম্যাচে অংশ নিচ্ছেন না তিনি। বিশ্বকাপের ব্যস্ত সূচি শেষে শারীরিক ও মানসিক বিশ্রামের জন্য বর্তমানে নিজের জন্মশহর রোসারিওতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মেসি।

ইন্টার মায়ামি অধিনায়ক আগেই ক্লাবের সঙ্গে সমন্বয় করে এই ছুটির পরিকল্পনা করেছিলেন। ফলে নির্ধারিত বিশ্রামসূচির কারণে এমএলএস অল-স্টার গেম থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি পেয়েছেন তিনি। একই কারণে তার সতীর্থ রদ্রিগো দে পলও এবারের অল-স্টার ম্যাচে খেলছেন না।

এক বিবৃতিতে এমএলএস জানিয়েছে, ২০২৬ মৌসুম শুরুর আগে মেজর লিগ সকার এবং এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী বিশ্বকাপ থেকে ফেরা খেলোয়াড়দের বিশ্রাম, অনুশীলনে ফেরা এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময়সূচি সংশ্লিষ্ট ক্লাব ও খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে। সেই নীতিমালার আওতায় লিওনেল মেসি ও রদ্রিগো দে পলকে অল-স্টার গেমে অংশগ্রহণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত কোনো এমএলএস অল-স্টার ম্যাচেই খেলেননি মেসি। তবে তার অনুপস্থিতি সত্ত্বেও অল-স্টার ম্যাচে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব থাকবে। এমএলএস অল-স্টার দলে রয়েছেন আন্দ্রেস কুবাস। অন্যদিকে লিগা এমএক্স অল-স্টার দলে জায়গা পেয়েছেন হোসে পারাদেলা, হাভিয়ের রুইস, ফ্রাঙ্কো রোমেরো এবং হুয়ান ব্রুনেত্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here