যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আয়োজিত একটি ইউএফসি (আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) অনুষ্ঠানে হামলার পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে এফবিআই। এ ঘটনায় চারটি অঙ্গরাজ্য থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
মঙ্গলবার প্রকাশিত আদালতের নথি অনুযায়ী, অভিযুক্তরা বিস্ফোরকবোঝাই ড্রোন ব্যবহার করে আশপাশের ভবনে হামলা চালানো এবং স্নাইপার দিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিল। পরে আতঙ্কে ছুটতে থাকা জনতার সুযোগ নিয়ে হোয়াইট হাউসের নিরাপত্তা বলয় ভেঙে ঢোকার পরিকল্পনাও ছিল তাদের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওহাইওর ১৯ বছর বয়সী টাইসেন সি. প্রোপার, ক্যালিফোর্নিয়ার ব্রায়ান ওমর রোয়া (২৪) ও মাইকেল অ্যালান থমাস (৩২), মিসৌরির ড্যানিয়েল কে. এস্ক্রিজ (৩২) এবং নেব্রাস্কার আব্রাহাম হারমোসিলো আলভারেজ (৩১)। তাঁদের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ উগ্র ধর্মীয় ও সরকারবিরোধী মতাদর্শে বিশ্বাস করতেন। তদন্তে উঠে এসেছে, তারা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের উদ্দেশ্যে সহিংস বিপ্লব ঘটাতে চেয়েছিল।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “বহু অঙ্গরাজ্যে পরিচালিত অভিযানে সম্ভাব্য ভয়াবহ হামলা প্রতিহত করা হয়েছে।”
তদন্তকারীরা জানান, হামলার পরিকল্পনা প্রথম প্রকাশ্যে আসে টাইসেন প্রোপারের মায়ের মাধ্যমে। ছেলের বিপুল পরিমাণ অস্ত্র কেনা এবং সন্দেহজনক অনলাইন যোগাযোগ নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
আদালতের নথি অনুযায়ী, অভিযুক্তরা প্রথমে টিকটকের একটি গ্রুপের মাধ্যমে যোগাযোগ শুরু করে। পরে এনক্রিপটেড মেসেজিং অ্যাপ সিগনালে তারা হামলার বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা করে।
তদন্তে আরও জানা গেছে, হোয়াইট হাউসের আশপাশে সম্ভাব্য স্নাইপার অবস্থান, ড্রোন উড্ডয়ন পয়েন্ট এবং বিদ্যুৎ অবকাঠামোর মানচিত্রও সংগ্রহ করা হয়েছিল।
হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কসহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উঠে এসেছে। যদিও তাঁদের সবাই ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের প্রত্যেকের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। আগামী ২৯ জুন মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। বিভিন্ন মতাদর্শিক বিভাজন এবং উগ্রপন্থার বিস্তার এ ধরনের ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

