তিন দিনের সফরে বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী, তিস্তা ইস্যুতে গুরুত্ব পাচ্ছে চীন আলোচনা

0
12
তিন দিনের সফরে বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী, তিস্তা ইস্যুতে গুরুত্ব পাচ্ছে চীন আলোচনা
চীন সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার রাতে তিনি সেখানে পৌঁছান।

বুধবার (৬ মে) বেইজিংয়ের ঐতিহ্যবাহী দিয়াওউতাই স্টেট গেস্ট হাউসে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই’র সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চীনে পৌঁছানোর পর বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং।

সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা গুরুত্ব পাবে।

এছাড়া, চীনের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান বলেন, তিস্তা সমস্যা দীর্ঘদিন ধরে ঝুলে আছে এবং এটি উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই চীনের সঙ্গে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা বিশেষ গুরুত্ব পাবে।

তিনি আরও জানান, এ প্রকল্প বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ের অঙ্গীকার রয়েছে এবং এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here