কবজির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় এবারের উইম্বলডন থেকেও নাম প্রত্যাহার করেছেন Carlos Alcaraz। দুবারের চ্যাম্পিয়ন এই স্প্যানিশ তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
২৩ বছর বয়সী আলকারাজ জানিয়েছেন, চোট আগের তুলনায় অনেকটাই ভালো হলেও এখনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মতো ফিট নন তিনি। এ কারণে কুইন্স টুর্নামেন্টের পাশাপাশি উইম্বলডন থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
গত বছর উইম্বলডনের ফাইনালে Jannik Sinner–এর কাছে হেরে রানার্সআপ হয়েছিলেন আলকারাজ। এবারও তাঁকে ঘিরে বড় প্রত্যাশা ছিল সমর্থকদের।
সবশেষ বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে কবজিতে চোট পান তিনি। এরপর একে একে মাদ্রিদ ওপেন, রোম ওপেন ও ফ্রেঞ্চ ওপেন থেকেও ছিটকে যান।
চলতি মৌসুমের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম সম্পন্ন করেছিলেন আলকারাজ। তবে চোটের কারণে মৌসুমের গুরুত্বপূর্ণ কয়েকটি টুর্নামেন্ট মিস করতে হচ্ছে তাঁকে।
এদিকে আলকারাজের অনুপস্থিতিতে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে বড় ফেবারিট হয়ে উঠেছেন বিশ্বের এক নম্বর তারকা ইয়ানিক সিনার। সাম্প্রতিক সময়ে এই দুই তারকার দ্বৈরথ টেনিস বিশ্বে সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি হয়ে উঠেছিল।
আলকারাজ জানিয়েছেন, তাড়াহুড়া করে কোর্টে ফিরতে চান না তিনি। পুরোপুরি সুস্থ হয়েই দীর্ঘ ক্যারিয়ারের কথা মাথায় রেখে ফিরতে চান স্প্যানিশ এই তারকা।


