জীবনে প্রথমবারের মতো কুরবানি দেবেন মালীপাথরের দিনমজুর মোকসদ মিয়া

0
133

নিউজ ডেস্ক, পরশুরাম:
জীবনের শেষ প্রান্তে এসে, অভাবের সংসারে এক টুকরো পরম আনন্দের দেখা পেলেন মালীপাথরের প্রবীণ দিনমজুর মোকসদ মিয়া। বয়সের ভারে আজ শরীর আর আগের মতো চলে না, ঠিকমতো কাজও করতে পারেন না। চার মেয়ের মধ্যে তিন মেয়েই মানসিক প্রতিবন্ধী। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে ‘কুরবানি’ দেওয়া ছিল তার কাছে এক দূর আকাশের স্বপ্ন। শুধু নিজে নন, তার বাবা-দাদারাও কখনো কুরবানি দিতে পেরেছেন কি না, তা জানা নেই মোকসদ মিয়ার।


প্রতিবছর ঈদের দিন অন্যদের বাড়ি থেকে পাওয়া কুরবানির মাংসটুকু রান্না করে খাওয়ার মতো তেল-মসলা কেনার সামর্থ্যও থাকে না এই বৃদ্ধের। এবারও সেই তেল-মসলার একটু সহায়তার আশায় তিনি দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় ‘মালীপাথর ভূঁইয়া বাড়ী যুব ফাউন্ডেশন’-এর সদস্য এবং সমাজকর্মী নুর উদ্দিন ভূঁইয়া জুয়েলের কাছে। কিন্তু মোকসদ মিয়ার ভাগ্যে এবার শুধু তেল-মসলাই নয়, লেখা ছিল জীবনের সবচেয়ে বড় চমক।
মোকসদ মিয়ার আকুলতার কথা শুনে নুর উদ্দিন ভূঁইয়া জুয়েল নিজের কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে সঙ্গে নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নেন। তারা সবাই মিলে মোকসদ মিয়াকে একটি আস্ত কুরবানির ছাগল উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন।


কুরবানির জন্য ছাগলটি হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন বৃদ্ধ মোকসদ মিয়া। কান্নায় ভেঙে পড়ে তিনি জানান, “আমার জীবদ্দশায় আমি কখনো কুরবানি দিতে পারি নাই। আল্লাহ এবার আমারে তৌফিক দিছে, এই ছাগলটা দিয়েই আমি এবার জীবনে প্রথমবারের মতো কুরবানি করব।”


এই মানবিক উদ্যোগের বিষয়ে জানতে চাইলে নুর উদ্দিন ভূঁইয়া জুয়েল বলেন:
“মোকসদ মিয়া যখন আমার কাছে কুরবানির মাংস রান্নার জন্য সামান্য তেল-মসলার টাকা চাইতে আসেন, তখন ওনার অসহায়ত্ব দেখে আমার খুব কষ্ট হয়। তখনই মনে হলো, শুধু তেল-মসলা কেন, ওনাকে এবার একটা কুরবানির পশুই কিনে দেওয়া যাক। এরপর কয়েকজন শুভাকাঙ্ক্ষী ভাইয়ের সহায়তায় ওনাকে সাথে নিয়ে হাটে গিয়ে একটি সুন্দর ছাগল এবং কুরবানি ও রান্নার জন্য প্রয়োজনীয় সব তেল-মসলা কিনে ওনার হাতে তুলে দিই। ওনার মুখের এই চওড়া হাসিটাই আমাদের এই উদ্যোগের সবচেয়ে বড় সার্থকতা।”


মালীপাথরের তরুণদের এমন মানবিক ও দৃষ্টান্তমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাদের মতে, সমাজের বৃত্তবান ও যুবসমাজ এভাবে এগিয়ে এলে কোনো অসহায় মানুষই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here