আদ্-দ্বীন হাসপাতাল সংক্রান্ত বিষয়ে সরকারের সিদ্ধান্ত জনস্বার্থকে কেন্দ্র করেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ১ লাখ আইভি স্যালাইন হস্তান্তর করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নেবে। তবে শিশু মৃত্যুর ঘটনাগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ সময় চাওয়ায় তাদের সেই সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টি স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সরদার সাখাওয়াত হোসেন আরও বলেন, আদ্-দ্বীন হাসপাতালকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির সমাধানে সরকার সতর্কতার সঙ্গে কাজ করছে এবং জনস্বার্থের বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে চলমান এ কর্মসূচির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।


