ভারত থেকে সম্ভাব্য পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করা হয়েছে।
বুধবার (৩ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন জানায়, তাদের দায়িত্বাধীন সব কোম্পানি ও বিওপি এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণও এ কার্যক্রমে অংশ নিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল পরিচালনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযানও চালানো হচ্ছে।
বিশেষ করে রাতের বেলায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হ্যান্ডমাইক, বাঁশি, টর্চলাইট, সার্চলাইট এবং নাইট ভিশন গগলসসহ আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও অবৈধ অনুপ্রবেশকারীদের গতিবিধি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কাজ করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ দমনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


