ইরানের রাষ্ট্রীয়-সমর্থিত গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে তেহরান নতুন করে ১৪ দফা পরিকল্পনা উত্থাপন করেছে।
রেভল্যুশনারি গার্ড কর্পস-ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, এই প্রস্তাবটি একজন পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে। এতে লেবাননসহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে চলমান যুদ্ধের অবসানের আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র যেখানে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, সেখানে ইরান মনে করছে ৩০ দিনের মধ্যেই সমাধান সম্ভব। তেহরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে সরাসরি যুদ্ধের স্থায়ী সমাপ্তির ওপর গুরুত্ব দিতে বলেছে।
এদিকে, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি ইরানের শীর্ষ কর্মকর্তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন, তিনি শিগগিরই প্রস্তাবটি পর্যালোচনা করবেন। তবে তার ভাষায়, “এটি গ্রহণযোগ্য হবে বলে আমি ভাবতেও পারছি না।”
তাসনিমের তথ্যমতে, এই ১৪ দফা প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী ৯ দফা পরিকল্পনার জবাবে দেওয়া হয়েছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে—
- সামরিক আগ্রাসন বন্ধের নিশ্চয়তা
- ইরানের পার্শ্ববর্তী অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার
- জব্দকৃত ইরানি সম্পদ মুক্তি
- নিষেধাজ্ঞা প্রত্যাহার
- হরমুজ প্রণালীর জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাদি বলেছেন, এই প্রস্তাবের লক্ষ্য হলো যুদ্ধের “স্থায়ী অবসান” নিশ্চিত করা।
তার ভাষায়,
“বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা কূটনীতির পথ বেছে নেবে, নাকি সংঘাত চালিয়ে যাবে—সেটা তাদের সিদ্ধান্ত।”
সূত্র
CNN


