Homeসারাদেশকান্নার শব্দ শুনে ঝোপ থেকে উদ্ধার নবজাতক, হাসপাতালে চিকিৎসাধীন

কান্নার শব্দ শুনে ঝোপ থেকে উদ্ধার নবজাতক, হাসপাতালে চিকিৎসাধীন

ফেনী পৌর শহরের সড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয় পথচারীরা। শনিবার বিকেলে চাড়িপুর এলাকায় শিশুটিকে পাওয়া যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সড়ক দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী ঝোপের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে তাঁরা ওড়নায় মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুকে পড়ে থাকতে দেখেন।

বিষয়টি জানার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য ফেনীর রেল হাসপাতালে নিয়ে যায়। এরপর তাকে ফেনী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

ফেনী জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নয়ন চন্দ্র দাস জানান, উদ্ধার করা শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রোকন উদ দৌলা জানান, শিশুটির বয়স আনুমানিক এক থেকে দুই দিন হতে পারে। রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউতে) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝোপে নবজাতককে ফেলে যাওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল। তিনি জানান, শিশুটি কীভাবে সেখানে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নবজাতক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিচয় ও তাকে ঝোপে রেখে যাওয়ার কারণ এখনো জানা যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ